পিরোজপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধের ভোগদখলীয় জমি জবরদখলের চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবি এবং বাধা দেওয়ায় মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ মো. মোফাজ্জেল খান (৭৫) বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুমিরমারা এলাকার বাসিন্দা মো. মোফাজ্জেল খান কুমিরমারা মৌজার (জেএল নং-৫৭, দাগ নং-৪১৮) ৮৬ শতাংশ জমি কবলা মূলে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। তবে কাউখালী থানার চিড়াপাড়া এলাকার বাসিন্দা মো. আজিজুল (৩৫), মো. মনির মীরা (৩৫) ও হিরা মীরাসহ (২৫) অজ্ঞাতনামা আরও ২-৩ জন ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি থেকে তাঁকে বিতাড়িত করে জোরপূর্বক দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন।
ভুক্তভোগী মোফাজ্জেল খান অভিযোগে উল্লেখ করেন, গত ২৬ আগস্ট সকাল আনুমানিক ৮টার দিকে বিবাদীরা অনধিকার প্রবেশ করে তাঁর জমিতে চাষাবাদ শুরু করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বিবাদী আজিজুল তাঁর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় অভিযুক্তরা তাঁকে মারধর করে এবং হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।
তিনি আরও জানান, বিবাদীরা ইতিপূর্বেও তাঁকে মারধর করেছিল। বর্তমানে জমি চাষাবাদ করতে না পারায় ইতিমধ্যে তাঁর আনুমানিক এক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। একমাত্র আবাদি জমিটি চাষ করতে না পেরে পরিবার নিয়ে চরম খাদ্যসংকট ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তিনি।
এ ঘটনায় আইনি প্রতিকার নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জরুরি হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেছেন ভুক্তভোগী বৃদ্ধ।
kalprakash.com/IM