মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:২৯:২১

বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল বন্ধ, আটকা ৬ ট্রেন

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩
শেয়ার: mail
বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল বন্ধ, আটকা ৬ ট্রেন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এ সময় আব্দুলপুর ও রাজশাহী রেলওয়ে স্টেশনে অন্তত ছয়টি আন্তঃনগর ও মেইল ট্রেন আটকা পড়লে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে রেলওয়ের কর্মীরা জরুরি মেরামত সম্পন্ন করলে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেলস্টেশন সংলগ্ন ২২৭/০ নম্বর রেল পিলারের কাছে রেললাইনে ভাঙা অংশ শনাক্ত করেন কর্তব্যরত রেলকর্মীরা।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিয়মিত পরিদর্শনের সময় রেললাইনের ওই অংশে ভাঙা নজরে এলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে তাৎক্ষণিকভাবে রাজশাহীর সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। এর ফলে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস ও একটি কমিউটার ট্রেন আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়ে।

ঘটনাস্থলে কর্মরত রেলওয়ের মিস্ত্রি (মেট) মোস্তাক আহমেদ জানান, সকালে রেললাইন ভাঙা শনাক্ত হওয়ার পর দ্রুত মেরামত কাজ শুরু করা হয়। সাময়িকভাবে ওই অংশে ট্রেনগুলোকে ঘণ্টায় ২০ কিলোমিটার নিয়ন্ত্রিত গতিতে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ সংস্কার কাজ শেষ হলে ট্রেনের গতি স্বাভাবিক হবে।

আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুদ রানা বলেন, সকাল ৬টা ৪০ মিনিটে রেললাইন ভাঙার খবর পাওয়ার পরপরই ট্রেন চলাচল স্থগিত করা হয়। প্রায় দুই ঘণ্টা পর জরুরি মেরামত শেষে নিয়ন্ত্রিত গতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে এবং আটকে পড়া ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল বন্ধ, আটকা ৬ ট্রেন

বিস্তারিত কমেন্টে