নাটোরের গুরুদাসপুরে একটি কাভার্ডভ্যান ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে গাজীপুর থেকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ-৭১-২৬৪৭) নাটোরের দিকে আসছিল। বিপরীত দিক থেকে আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-চ-৬২-০৩৬৪) ঢাকার দিকে যাচ্ছিল। যানবাহন দুটি তালবাড়িয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি মহাসড়ক থেকে ছিটকে সড়কের পাশের জলাশয়ে পড়ে যায় এবং অ্যাম্বুলেন্সে থাকা আটজন যাত্রী আহত হন।
খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানের চালক ও সহকারী পালিয়ে যায়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় আহত আটজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
kalprakash.com/IM