সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:১৬:১৬

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল সাড়ে ৩ শতাংশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:১১
শেয়ার: mail
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল সাড়ে ৩ শতাংশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত ও উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সাড়ে ৩ শতাংশের বেশি বেড়েছে। আন্তর্জাতিক তেল পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সোমবার (৩১ আগস্ট) তেলের বাজারে এই আকস্মিক ঊর্ধ্বগতি দেখা যায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় বিকেল পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ১৫ ডলার বা ৩ দশমিক ৫৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ২৫ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ৯৬ ডলার বা ৩ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে রোববার যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের লারাক দ্বীপের দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে হামলা চালায়। গত জুলাইয়ের শেষের পর দেশটিতে এটিই যুক্তরাষ্ট্রের প্রথম আনুষ্ঠানিক সামরিক আক্রমণ। এর জবাবে ইরান জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে। এই পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়া এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অচলাবস্থা তৈরির ঝুঁকি দেখা দিয়েছে।

সুইস বহুজাতিক ব্যাংক ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্তাউনোভো জানান, মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের বিস্তার এবং জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার গভীর আশঙ্কাই তেলের দাম বৃদ্ধির মূল কারণ। এখন বাজারের দৃষ্টি থাকবে পরিস্থিতি প্রশমনের দিকে এগোয় কি না, সেদিকে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। ট্রাম্পের ওই পোস্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি একটি ভিডিও সংযুক্ত ছিল। তবে দ্বীপটিতে সরাসরি হামলার কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায়নি। পরে ইরানও খার্গ দ্বীপে হামলার তথ্য নাকচ করে দিয়ে জানায়, সেখানে তেল শোধন ও রপ্তানি কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। তাই এই কৌশলগত নৌপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে চরম সংকট তৈরির আশঙ্কা রয়েছে। সামুদ্রিক জাহাজ চলাচলের ট্র্যাকিং তথ্য অনুযায়ী, হামলার সতর্কতায় সপ্তাহান্তে হরমুজ প্রণালি দিয়ে দৃশ্যমান বাণিজ্যিক জাহাজের সংখ্যা কমে দিনে মাত্র পাঁচটিতে নেমে এসেছে। এছাড়া যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, শনিবার হরমুজ প্রণালিতে প্রবেশের সময় একটি তেলবাহী ট্যাংকার প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রয়টার্সকে জানিয়েছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র প্রতি সপ্তাহে নতুন করে সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, যা তেলবাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিচ্ছে।

তবে সোমবার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও সামগ্রিকভাবে আগস্ট মাসের হিসাবে ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের তেলের দামেই সামান্য পতন দেখা গেছে। গত সপ্তাহে উভয় ধরনের তেলের দাম ৪ শতাংশের বেশি কমেছিল, যা ছিল তিন সপ্তাহের মধ্যে প্রথম সাপ্তাহিক দরপতন।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার সঙ্গে সাম্প্রতিক চুক্তির আওতায় প্রাপ্ত তেল যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) পূরণে ব্যবহার করা হবে। বর্তমানে দেশটির এই জরুরি মজুত প্রায় ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল সাড়ে ৩ শতাংশ

বিস্তারিত কমেন্টে