আগামী দুই বছরের মধ্যে সৌদি আরবের বাজারে পাকিস্তানের কৃষি ও খাদ্যপণ্য রপ্তানি ৩ বিলিয়ন (৩০০ কোটি) মার্কিন ডলারে উন্নীত করতে সম্মত হয়েছে পাকিস্তান ও সৌদি আরব। রবিবার (৩০ আগস্ট) দুই দেশের পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উদ্যোগে সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় এবং পাকিস্তানের জাতীয় খাদ্য নিরাপত্তা ও গবেষণা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সমঝোতা চূড়ান্ত হয়।
সম্প্রতি সৌদি পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী আবদুর রহমান এ. আল-ফাদলির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইসলামাবাদ সফর করে। বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন জাতীয় খাদ্য নিরাপত্তা ও গবেষণামন্ত্রী রানা তানভীর হুসেইন। পরে সৌদি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে।
বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুই দেশ কয়েকটি অগ্রাধিকার খাত চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে চাল, লাল মাংস, ফল ও প্রক্রিয়াজাত ফলের কনসেনট্রেট, সবুজ পশুখাদ্য এবং পানি-সাশ্রয়ী আধুনিক কৃষিপ্রযুক্তি। বিশেষ করে সৌদি আরবের বেসরকারি খাতের বিনিয়োগে পশুপালন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও চালের ভ্যালু চেইন উন্নয়নে উভয় দেশ নিয়মিত সমন্বয় বজায় রাখবে।
বাণিজ্যিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে পাকিস্তান সৌদি আরবে প্রায় ১ লাখ ৬৯ হাজার টন চাল রপ্তানি করেছে, যার আর্থিক মূল্য ছিল প্রায় ১৬ কোটি ৩০ লাখ ডলার। সৌদি পক্ষ এ আমদানি আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া বর্তমানে পাকিস্তান বছরে প্রায় ১৬ কোটি ৭০ লাখ ডলার মূল্যের ৩০ হাজার টন লাল মাংস রপ্তানি করে, যা পর্যায়ক্রমে দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে রিয়াদ।
সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর খাদ্য নিরাপত্তা লক্ষ্যমাত্রা এবং পাকিস্তানের কৃষি সক্ষমতাকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি এই অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করা হবে বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
kalprakash.com/IM