বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর ও দেশের সর্বউত্তরের সীমান্ত জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন।
আজ সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছান এবং বন্দর এলাকার সার্বিক আমদানি-রপ্তানি কার্যক্রম ঘুরে দেখেন। পরে তিনি জিরো পয়েন্টে যান এবং সীমান্ত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও পারিপার্শ্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় স্মৃতি ধরে রাখতে রাষ্ট্রদূতকে নিজের মুঠোফোনে ছবি তুলতেও দেখা যায়।
বাংলাবান্ধা সফর শেষে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উদ্দেশে রওনা হন। সেখানে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে অনুদানসংক্রান্ত কর্মসূচি ও সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
kalprakash.com/IM