‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে বেলছড়ি একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোমতি একাদশ।
রবিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল, গুইমারা রিজিয়নের জিটুআই মেজর জিয়াউর রহমান, মাটিরাঙ্গা জোনের জেডএসও মেজর সামিউল হক, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু, ক্যাপ্টেন রেজওয়ান তৌফিক-ই-রিজভী, ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলাম এবং মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং বিপুলসংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।
টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো—মাটিরাঙ্গা পৌরসভা একাদশ, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশ, বেলছড়ি ইউনিয়ন একাদশ, গোমতী ইউনিয়ন একাদশ, আমতলী ইউনিয়ন একাদশ ও তাইন্দং ইউনিয়ন একাদশ। টানটান উত্তেজনার ফাইনালে গোমতি একাদশ ২-০ গোলে বেলছড়ি একাদশকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তরুণদের মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
kalprakash.com/IM