পাবনায় জিপ গাড়িতে করে পাচারের সময় প্রায় ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত জিপটিও জব্দ করা হয়।
শনিবার (২৯ আগস্ট) ভোরে পাবনা সদর উপজেলার জালালপুর পূর্বপাড়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ী চৌকিদারপাড়া এলাকার ফরহাদ আলী (২৮) এবং একই জেলার ফুলবাড়ী উপজেলার মেম্বারটারি গ্রামের সুজন মিয়া (২৭)।
শনিবার দুপুরে র্যাব-১২ পাবনা ক্যাম্প কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ভোররাতে জালালপুর পূর্বপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি জিপে তল্লাশি চালায়। এ সময় গাড়িটির ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত জিপটি জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ মাদকের বড় চালান সরবরাহ করার কথা স্বীকার করেছেন। এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাঁদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
kalprakash.com/IM