পাবনার ঐতিহ্যবাহী চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে রকিবুর রহমান টুকুন এবং সাধারণ সম্পাদক পদে সঞ্জিত সাহা কিংশুক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে বিভিন্ন পদে প্রার্থীরা নির্বাচিত হন।
নির্বাচনে সভাপতি পদে রকিবুর রহমান টুকুন (দৈনিক আমার দেশ ও দ্য ডেইলি অবজারভার) এবং সাধারণ সম্পাদক পদে সঞ্জিত সাহা কিংশুক (দৈনিক মানবজমিন) বিজয়ী হয়েছেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি এম এ জিন্নাহ, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ রঞ্জু (দৈনিক কালের কণ্ঠ), কোষাধ্যক্ষ জাকির সেলিম (দৈনিক খোলা কাগজ), দপ্তর সম্পাদক শুভাশিস ভট্টাচার্য তুষার (দৈনিক আজকের পত্রিকা), প্রচার সম্পাদক মো. শিমুল বিশ্বাস (দৈনিক আমার সংবাদ) এবং প্রকাশনা সম্পাদক ইফতেখারুল ইসলাম টুটুল (দৈনিক আমাদের সময়)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শাহিনুর রহমান (চ্যানেল টোয়েন্টিফোর), এস এম মাসুদ রানা (আরটিভি) এবং মো. জাহাঙ্গীর আলম (দৈনিক ইনকিলাব)।
নির্বাচনকে ঘিরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হলে ক্লাবের সদস্যরা নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রেসক্লাবের সদস্যরা প্রত্যাশা ব্যক্ত করেন, নবনির্বাচিত কমিটির বলিষ্ঠ নেতৃত্বে চাটমোহরের সাংবাদিকদের পেশাগত ঐক্য আরও সুদৃঢ় হবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় এ কমিটি কার্যকর ভূমিকা রাখবে।
kalprakash.com/IM