শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:০৪:৩৮

প্রকাশ্য রাস্তায় হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ২:০৩
শেয়ার: mail
প্রকাশ্য রাস্তায় হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানকে গুলি করে হত্যা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার পর প্রকাশ্য রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানকে। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ফুটেজে দেখা গেছে, চার অস্ত্রধারী অঙ্কিতকে অনুসরণ করার পর প্রায় ২৫ সেকেন্ড ধরে গুলি চালায়। ৩৫ বছর বয়সী অঙ্কিত বালিয়ান গত বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে শামলির একটি জিম থেকে বের হন। হাতে ছিল জিমের কিট ব্যাগ। সেখান থেকে তিনি নিজের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই চার ব্যক্তি তাঁকে অনুসরণ করতে শুরু করে। তাঁদের মধ্যে একজনের হাতে বন্দুক ছিল।

গাড়ির কাছে পৌঁছানোর আগেই অঙ্কিতকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে হামলাকারীরা। একের পর এক গুলির শব্দে মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারী ও স্থানীয় দোকানিরা ভয়ে নিরাপদ আশ্রয়ে সরে যান। কেউ কেউ দোকানের ভেতর থেকে পরিস্থিতি দেখার চেষ্টা করলেও গুলির শব্দ চলতে থাকায় দ্রুত আড়ালে চলে যান।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীরা মোট ১২টি গুলি ছোড়ে। এর মধ্যে কয়েকটি গুলি আতঙ্ক সৃষ্টি করতে শূন্যে ছোড়া হয়েছিল বলেও জানা গেছে। হামলাকারীদের কাছে .৩০ ও .৩২ ক্যালিবারের পিস্তল ছিল। এগুলো অপেক্ষাকৃত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বলে জানিয়েছে পুলিশ।

গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত অঙ্কিতকে দ্রুত স্থানীয় একটি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর শরীরে কতটি গুলি লেগেছিল এবং আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ঘটনাস্থলটি হরিয়ানা সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। পুলিশের ধারণা, হামলাকারীরা হরিয়ানা থেকে শামলিতে এসে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

শামলির বান্টি খেদা গ্রামের বাসিন্দা অঙ্কিত বালিয়ান হরিয়ানভি সংগীতজগতে পরিচিত মুখ ছিলেন। ইউটিউবেও ছিল তাঁর ব্যাপক জনপ্রিয়তা। তাঁর চ্যানেলে গ্রাহকের সংখ্যা ছিল ৩ লাখ ৬৮ হাজারের বেশি। অঙ্কিতের গানের ভিডিওতে প্রায়ই বন্দুক, সংঘর্ষ এবং বিলাসবহুল এসইউভির উপস্থিতি দেখা যেত। তাঁর অনেক গানের কথায় উঠে আসত সহিংসতা, প্রতিদ্বন্দ্বিতা, দাপট ও শত্রুতার বিষয়। তাঁর বেশ কয়েকটি গান ইউটিউবে লাখ লাখবার দেখা হয়েছে। অঙ্কিত বালিয়ানের জনপ্রিয় গানগুলোর একটি ‘ভারি কোর্ট ম্যায় গোলি মারেঙ্গে মেরি জান’। নামটির অর্থ দাঁড়ায়, ‘আদালতের মধ্যেই তোমাকে গুলি করব, প্রিয়’।

তবে তাঁর মৃত্যুর ঘটনার সঙ্গে সবচেয়ে অস্বস্তিকরভাবে মিলে গেছে শেষ ইনস্টাগ্রাম পোস্টটি। মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে বুধবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন অঙ্কিত। সেখানে তাঁকে গাড়িতে বসে একটি হরিয়ানভি গান গাইতে দেখা যায়। গানের একটি লাইন ছিল—‘মার্ডার মার দে সড়ক কে ওপর’, অর্থাৎ ‘রাস্তায় হত্যা করো’। কয়েক ঘণ্টা পর সেই রাস্তাতেই সশস্ত্র হামলার শিকার হয়ে প্রাণ হারান অঙ্কিত। ফলে তাঁর শেষ পোস্টটি এখন অনেকের কাছেই ভয়ংকর এক কাকতালীয় ঘটনা হিসেবে সামনে এসেছে।

অঙ্কিত হত্যার দায় স্বীকার করেছে কুখ্যাত গোগি গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গ্যাংটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অঙ্কিত তাদের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। এমনকি গ্যাং-সংশ্লিষ্ট একটি ঘটনার ওপর তিনি গানও তৈরি করেছিলেন বলেও দাবি করা হয়েছে। গ্যাং-সংশ্লিষ্ট বলে পরিচিত ভোলু শাহপুরিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও একটি হুমকিমূলক পোস্ট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘এটা কেবল শুরু, সবার পালা আসবে।’ ওই পোস্টে উত্তর প্রদেশ পুলিশকেও হুমকি দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে। তবে গ্যাংটির এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অঙ্কিতের বাবার অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় চার ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। সিসিটিভি ফুটেজে হামলার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ধরা পড়েছে। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে তারা কোথা থেকে এসেছিল এবং হত্যাকাণ্ডের পর কোন পথে পালিয়ে গেছে, তাও খতিয়ে দেখছে পুলিশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

প্রকাশ্য রাস্তায় হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানকে গুলি করে হত্যা

বিস্তারিত কমেন্টে