রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও দেশের কল্যাণে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের আগেই আমি দল, সংসদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে এসেছি। আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ। দলনিরপেক্ষভাবেই আমি আমার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাব।’
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত প্রথম ‘দরবার’-এ তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে কারো প্রতি তাঁর কোনো অনুরাগ বা বিরাগ থাকবে না; বরং দেশ, রাষ্ট্র ও সাধারণ মানুষের স্বার্থই হবে তাঁর একমাত্র লক্ষ্য। যেকোনো পরিস্থিতিতে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি গভীর ভালোবাসা, সম্মান ও আনুগত্য থাকতে হবে।’ এ সময় তিনি সকলকে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
বঙ্গভবনের ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, বঙ্গভবন হলো রাষ্ট্রের মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক, এর ভাবমূর্তি সর্বাবস্থায় অক্ষুণ্ণ রাখতে হবে। তিনি আরও নির্দেশনা দেন যে বঙ্গভবনের দৈনন্দিন প্রাতিষ্ঠানিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের ক্ষেত্রে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখতে হবে, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত না হয়।
রাষ্ট্রীয় অর্থ ও সম্পদের অপচয় রোধের তাগিদ দিয়ে রাষ্ট্রপতি বলেন, দেশের জনগণের অর্থেই রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা পরিচালিত হয়। তাই সরকারি সম্পদের সঠিক, সাশ্রয়ী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে।
বক্তব্যে রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি যুদ্ধপরবর্তী দেশ গঠনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। এ ছাড়া তিনি পূর্ববর্তী সকল রাষ্ট্রপতির অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন।
বঙ্গভবনের কর্মীদের অনুপ্রেরণা দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা এখানে একটি পরিবারের মতো। সবাই একই জায়গায় কাজ করি। সুযোগ পেলেই আমরা পারস্পরিক আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করার চেষ্টা করব।’ তিনি ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
kalprakash.com/IM