বরিশালের গৌরনদীতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের এক কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. মিনহাজুল ইসলাম (২৬)।
অভিযোগ সূত্রে জানা যায়, মিনহাজুল ইসলাম দীর্ঘদিন ধরে গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় বিডি ক্লিনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে পরিচ্ছন্নতামূলক সামাজিক কাজে অংশ নিয়ে আসছেন। এ কারণে অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত শনিবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন জননী সুপার মার্কেটের একটি দোকানের সামনে এ মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন মিনহাজুল।
লিখিত অভিযোগে মিনহাজুল দাবি করেন, ১ নম্বর অভিযুক্ত মো. পলাশ তালুকদার তাকে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে চড়-থাপ্পড়, কিল ও ঘুষি মেরে আহত করা হয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে অভিযুক্তরা বিষয়টি নিয়ে কোথাও মামলা বা অভিযোগ করলে মিনহাজুল ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মিনহাজুলের দাবি, গত ১২ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিডি ক্লিনের একটি সভা অনুষ্ঠিত হওয়ার পর থেকেই তাকে ধারাবাহিকভাবে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি অভিযুক্তদের একাধিকবার বোঝানোর চেষ্টা করেও কোনো সমাধান হয়নি।
ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিনহাজুল ইসলাম।
অভিযোগে অভিযুক্ত করা হয়েছে মো. পলাশ তালুকদার ও মো. সাগর মিয়াকে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে জোর আবেদন জানিয়েছেন অভিযোগকারী।
kalprakash.com/IM