জরিমানা ছাড়াই মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি জমা দিয়ে কোনো প্রকার জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে। খবর বাসসের।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত রোববার (২৩ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ব্যতীত কেবল মূল কর ও নির্ধারিত ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত শেষবারের মতো বাড়ানো হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
সরকারের এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র ও লাইসেন্স নবায়ন করতে না পারা সাধারণ গ্রাহক এবং পরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বাড়তি সুবিধা পাবেন। নির্দিষ্ট মেয়াদের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে আইনি ঝামেলা ছাড়াই প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারের দেওয়া এই বর্ধিত সময়সীমার মধ্যেই যানবাহনের মালিক ও চালকদের যাবতীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন সম্পন্ন করে নেওয়া উচিত।
kalprakash.com/IM