বাগেরহাটের ফকিরহাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ লাখ ২১ হাজার ৮০০ টাকা এবং দেশীয় অস্ত্রসহ দুই সহোদর মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—ফকিরহাট উপজেলার নলদা-মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামের ইমরান ওরফে নয়ন মোল্লা এবং তাঁর ভাই কামরান ওরফে নিলয় মোল্লা।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শুক্রবার সকালে কামটা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস দল। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ভাই দেশীয় অস্ত্র নিয়ে ডিবি সদস্যদের বাধা প্রদান ও হামলার চেষ্টা চালায়। পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের নিবৃত্ত করে প্লাস্টিকের হাতলযুক্ত একটি চাইনিজ কুড়াল ও ৩৬ ইঞ্চি লম্বা একটি স্টিলের (এসএস) পাইপ উদ্ধার করে।
পরবর্তীতে বসতঘরে তল্লাশি চালিয়ে নয়ন মোল্লার শয়নকক্ষে বালিশের নিচ থেকে ২০০ পিস ইয়াবা এবং ড্রয়ার থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ২১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। একই সঙ্গে নিলয় মোল্লার প্যান্টের পকেট থেকে আরও ১০০ পিস ইয়াবাসহ মোট ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ভাই দীর্ঘদিন ধরে ফকিরহাটসহ বাগেরহাটের বিভিন্ন প্রান্তে সংঘবদ্ধভাবে মাদক কারবার পরিচালনার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ফকিরহাট থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
kalprakash.com/IM