সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:২৪:৫৭

সাগরে মিলল ২২ কেজির দুর্লভ দাতিনা মাছ

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১২:০৭
শেয়ার: mail
সাগরে মিলল ২২ কেজির দুর্লভ দাতিনা মাছ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইলিশের ভরা মৌসুমেও সাগরে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছিলেন বাগেরহাটের জেলেরা। তবে সেই হতাশার মাঝেও গভীর সমুদ্রে জেলে ইলিয়াস মাঝির জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিশালাকৃতির এক দুর্লভ ‘দাতিনা’ মাছ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগেরহাটের কেবি মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি নিয়ে এলে সেটি দেখতে ভিড় জমান শত শত উৎসুক জনতা ও পাইকাররা। পরে কেবি বাজারের হাজী মিরাজের আড়তে উন্মুক্ত নিলামে মাছটি সর্বোচ্চ ২ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়।

জানা গেছে, বাগেরহাটের কচুয়া গ্রামের ইলিয়াস মাঝি চলতি মৌসুমে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে গিয়ে লোকসানের মুখে পড়েন। সম্প্রতি বৈরী আবহাওয়ার মধ্যেই গভীর সমুদ্রে জাল ফেললে এই বিশালাকৃতির দাতিনা মাছটি ধরা পড়ে। রাতেই মাছটি নিয়ে আড়তের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

আড়তে ডাক ওঠার পর প্রতি কেজি প্রায় ১১ হাজার ৫৯০ টাকা দরে ২ লাখ ৫৫ হাজার টাকায় মাছটি কিনে নেন স্থানীয় পাইকারি মাছ ব্যবসায়ী হারুন মীর।

ব্যবসায়ী হারুন মীর জানান, দাতিনা মাছের পেটের ভেতরের ফুলকা বা পটকা (প্যাটা) ঔষধি ও শিল্পকাজে ব্যবহারের জন্য অত্যন্ত মূল্যবান। তাই চট্টগ্রামের ফিশারিজ ঘাটের বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে বিদেশে রপ্তানির উদ্দেশ্যে তিনি মাছটি কিনেছেন।

সাগরে ইলিশের তীব্র সংকটের মধ্যেও এমন মূল্যবান মাছ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইলিয়াস মাঝির ট্রলারের সব জেলে। এতে তাদের পূর্বের লোকসান কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে জানান তারা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সাগরে মিলল ২২ কেজির দুর্লভ দাতিনা মাছ

বিস্তারিত কমেন্টে