ভোলার চরফ্যাশন থেকে অবৈধ উপায়ে সমুদ্রপথে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ রাসায়নিক সার জব্দ করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত চার পাচারকারীকে আটক করা হয়েছে এবং সার পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি বড় মাছ ধরার বোট জব্দ করা হয়।
বুধবার (১২ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেতুয়া নতুন ফিশারি ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে চরফ্যাশন থানা পুলিশ।
আটককৃতরা হলেন—নোয়াখালী জেলার সিরাজ (৬০), সোহেল (৩২) ও শাহারাজ (৪৩) এবং স্থানীয় চরফ্যাশনের পারভেজ (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বেতুয়া ফিশারি ঘাটে দাঁড়িয়ে থাকা একটি বড় ট্রলারে ট্রাক থেকে একের পর এক সারের বস্তা তোলা হচ্ছিল। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে চরফ্যাশন থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২৯৩ বস্তা সার উদ্ধার করে এবং চারজনকে হাতেনাতে আটক করে।
স্থানীয় নৌ-মাঝিরা নাম প্রকাশ না করার শর্তে জানান, একটি শক্তিশালী পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে চরফ্যাশনের এই রুট ব্যবহার করে মিয়ানমারে সার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পাচার করে আসছে। এর বিনিময়ে মিয়ানমার থেকে আশপাশের দ্বীপাঞ্চল ও ভোলায় বিভিন্ন প্রাণঘাতী মাদকের চালান দেশে প্রবেশ করানো হয়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারকালে ২৯৩ বস্তা সার, একটি ট্রাক ও বোটসহ চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ সীমান্ত পাচার চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে।”
kalprakash.com/IM