শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫৪:৪৬

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:২২
শেয়ার: mail
গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির: রাশেদ খাঁন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনাকাঙ্ক্ষার সঙ্গে সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বেইমানি করেছেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার (৮ আগস্ট) সকালে তাঁর নিজ গ্রাম ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারীদহ এলাকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘মিয়ার দালান’ পরিদর্শন শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “ডা. শফিকুর রহমানকে এতদিন আমরা একজন নির্যাতিত ও মজলুম রাজনৈতিক নেতা হিসেবে জানতাম। কিন্তু গণঅভ্যুত্থান-পরবর্তী ঘটনাপ্রবাহে তাঁর সেই ছদ্মবেশ ও আসল রূপ উন্মোচিত হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের পরপরই তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ঢালাওভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করেন— যা মূলত অগণিত শহীদের রক্তের সাথে এবং গণঅভ্যুত্থানের চেতনার সাথে প্রথম চরম বেইমানি।”

তিনি আরও অভিযোগ করে বলেন, “রাজনৈতিক স্বার্থ হাসিল ও ক্ষমতার মোহে অন্ধ হয়ে এমন কোনো মিথ্যাচার, অপকৌশল ও মুনাফেকি নেই যা জামায়াত করেনি। এমনকি বিগত নির্বাচনের ঠিক আগে ভোটের রাজনীতি করতে তারা সাধারণ মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করার মতো ধৃষ্টতাও দেখিয়েছে।”

বিএনপির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “দেশের মানুষ এখন গভীরভাবে উপলব্ধি করতে পেরেছে— বাংলাদেশে যত যুগান্তকারী ও ইতিবাচক উন্নয়ন হয়েছে, তার সূচনা ঘটেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। ঠিক একইভাবে আগামীর বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার সব ইতিবাচক রূপান্তর ঘটবে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, “চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত তরুণ নেতা নাহিদ ইসলাম একদম সঠিক নীতিতেই ছিলেন। কিন্তু দুঃখজনকভাবে যে মুহূর্তে তিনি জামায়াতে ইসলামীর রাজনৈতিক ফাঁদে পা দিয়েছেন, ঠিক তখন থেকেই তিনি মূল পথ থেকে বিচ্যুত ও বিপথগামী হয়েছেন।”

পরিদর্শনকালে রাশেদ খানের সাথে স্থানীয় বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিপুলসংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward