ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে এবং মসলদীপ ফাউন্ডেশনের সহযোগিতায় ‘আলী যাকের অনুশীলন ও গবেষণা বৃত্তি-২০২৫’ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নাট্যমঞ্চ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০২৪ শিক্ষাবর্ষের এমএ প্রোগ্রামের ১২ জন শিক্ষার্থীর হাতে এ বৃত্তি তুলে দেওয়া হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— হাদী আকাশ, ফৌজিয়া আফরিন তিলু, বর্নালী ঘোষ, জাহাদ আল ফুয়াদ, তরিকুল সর্দার, রাফিউল আলম চৌধুরী, তাহসিন নূর মিত্রিতা, ইমাম হোসাইন, অনন্যা দে, আজরিনা প্রিয়া, রুপন্তি রয়েল এবং মারিয়া সুলতানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শাহমান মেশান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নাট্যচর্চার পাশাপাশি গবেষণা ও অনুশীলনকে আরও গতিশীল করতে আলী যাকের গবেষণা ও অনুশীলন বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা এবং পেশাগত দক্ষতা বিকাশে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত, এমএ কোর্সের শিক্ষার্থীদের অনুশীলন ও গবেষণা কার্যক্রমে উৎসাহিত করতে প্রতিবছরই এ বৃত্তি প্রদান করা হয়। এবারের আসরে বিভাগের ২০২৪ শিক্ষাবর্ষের এমএ প্রোগ্রামের ১২ জন শিক্ষার্থী এ সম্মাননা ও বৃত্তি লাভ করেন।