মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | বিকাল ৪:৫৩:৫৭

পিরোজপুরে মাদ্রাসা সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ

এস এম সোহেল বিল্লাহ, পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২:১৫
শেয়ার: mail
পিরোজপুরে মাদ্রাসা সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী ও পশ্চিম কদমতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন স্থানীয় কদমতলা এলাকার ভুক্তভোগী পরিবারসমূহ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মো. মানিক শেখ অভিযোগ করেন, আব্দুল হক নিজের পদ-পদবি গোপন রেখে এবং ক্ষমতার দাপট দেখিয়ে বছরের পর বছর ধরে নানা অনিয়ম ও জালিয়াতি চালিয়ে আসছেন। গত পাঁচ বছরে এলাকার নিরীহ মানুষ ও বেকার যুবক-যুবতীদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অন্তত ১০ জনের কাছ থেকে প্রায় ১৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। তাঁর অন্যায়-অপকর্মের প্রতিবাদ করলে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পশ্চিম কদমতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় বাস্তবে নিয়মিত পাঠদান কিংবা আবাসিক শিক্ষার্থী না থাকলেও আব্দুল হক ভুয়া ১৭০ জন শিক্ষার্থীর তালিকা জমা দিয়ে দীর্ঘদিন ধরে সরকারি নানা সুবিধা ও বরাদ্দ আত্মসাৎ করে আসছেন।

ভুক্তভোগী মনিরা জেসমিন বলেন, “চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে আব্দুল হক আমার কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। এখন টাকা চাইলে আর যোগাযোগ করেন না।” অপর ভুক্তভোগী আতিকুর রহমান অভিযোগ করেন, একই মাদ্রাসায় প্রধান শিক্ষক পদে নিয়োগের লোভ দেখিয়ে তাঁর কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ওই সভাপতি, যা শত বললেও আর ফেরত দিচ্ছেন না।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল হক তা সম্পূর্ণ অস্বীকার করে দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র করছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. মানিক শেখ, আব্দুর রাজ্জাক, মো. আতিকুর রহমান ও মনিরা জেসমিনসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward