মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | দুপুর ১:৪৪:২৪

মণিরামপুরে শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:১৯
শেয়ার: mail
মণিরামপুরে শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুরে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠায় নিজের অভিযুক্ত ছেলেকে পুলিশ হেফাজতে দিতে সহযোগিতা করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন এক বাবা। উপজেলার শ্যামকুড় গ্রামের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত শান্ত ইসলামকে (১৯) পুলিশে সোপর্দ করতে স্থানীয়দের সহযোগিতা করেন তাঁর পিতা রফিকুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শান্ত ইসলাম প্রতিবেশী শিশুটিকে ফুসলিয়ে শ্যামকুড় উত্তর পাড়া এলাকার একটি সেচ পাম্পের (স্যালো মেশিন) ঘরে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শান্ত গা ঢাকা দেয়। ঘটনাটি জানতে পেরে অভিযুক্তের বাবা রফিকুল ইসলাম নিজেই ছেলেকে খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দিতে সহায়তা করেন।

তবে ঘটনার প্রেক্ষাপট নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন মতও রয়েছে। সরেজমিনে তথ্য সংগ্রহকালে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যবসায়ী দাবি করেন, বিষয়টির পেছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে। মেয়েটির হাত ধরে টানাটানি করার সময় স্থানীয়রা দেখে ফেললে শিশুটিকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে অভিযুক্তের বাবা ছেলেকে ডেকে আনলে পুলিশে সোপর্দ করা হয়। অভিযোগ রয়েছে, ঘটনার পর থেকে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টিকে ভিন্ন খাতে মোড় নেওয়ার চেষ্টা করছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মণিরামপুর-কেশবপুর সার্কেল) ইমদাদুল হক জানান, অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ঘটনা সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward