সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে টানা ভারী বর্ষণে প্লাবিত হয়েছে পিরোজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সর্পন বাড়ি এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ওই এলাকার প্রায় ২০০টি পরিবার বর্তমানে জলাবদ্ধতার কারণে ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। অনেকের বসতঘরে পানি ঢুকে পরায় বাধ্য হয়ে পার্শ্ববর্তী বিদ্যালয় ভবনে আশ্রয় নিয়েছেন তাঁরা।
শনিবার (১ আগস্ট) দুপুরে পিরোজপুর দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
পরিদর্শনকালে তিনি পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং তাদের অভাব-অভিযোগ শোনেন। জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের জরুরি সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন জলাবদ্ধতাজনিত স্বাস্থ্যঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে এলাকায় ডেঙ্গুসহ নানা পানিবাহিত রোগের প্রকোপ বাড়ার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। বিষয়টি অনুধাবন করে তাৎক্ষণিকভাবে পৌর প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে। মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পৌর কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।”
পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসকের সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত নালা পরিষ্কারের মাধ্যমে পানিনিষ্কাশন ও প্রয়োজনীয় ত্রাণ সহায়তার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
kalprakash.com/IM