বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | সকাল ৭:১৫:৪০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বহাল রাখার তাগিদ জর্ডান ও জাতিসংঘের

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:৫০
শেয়ার: mail
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বহাল রাখার তাগিদ জর্ডান ও জাতিসংঘের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি কঠোরভাবে মেনে চলা এবং তা বহাল রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে দুই শীর্ষ নেতা মধ্যপ্রাচ্যে চলমান বিপজ্জনক উত্তেজনার সার্বিক পরিস্থিতি এবং অঞ্চলে স্থায়ী নিরাপত্তা ও শান্তি পুনরুদ্ধারের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, উভয় পক্ষই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি বজায় রাখা এবং সংঘাতের মূল কারণগুলো দূর করতে দ্রুত আলোচনা শুরু করার তাগিদ দেন। একই সাথে আন্তর্জাতিক আইন অনুযায়ী স্ট্র্যাটেজিক বা কৌশলগত গুরুত্বসম্পন্ন প্রণালী ‘হরমুজ’-এ স্বাধীন ও নির্বিঘ্ন নৌচলাচল নিশ্চিত করার কথা পুনর্ব্যক্ত করেন তাঁরা।

বৈঠকে মধ্যপ্রাচ্যের অন্যান্য সংকট নিয়েও আলোচনা করা হয়। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি গাজা উপত্যকায় শান্তি প্রস্তাবের কার্যকর বাস্তবায়ন এবং চলমান মানবীয় বিপর্যয় মোকাবিলায় পর্যাপ্ত ত্রাণ সহায়তার জন্য ইসরায়েলি সব ধরনের বাধা ও নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়ার আহ্বান জানান।

এছাড়া, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সব ধরণের অবৈধ সামরিক অভিযান ও পদক্ষেপ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান সাফাদি। তাঁর মতে, এসব পদক্ষেপ অন্যায্য দখলদারিত্বকে দীর্ঘায়িত করে সহিংসতা বাড়াচ্ছে, যা টেকসই শান্তির সম্ভাবনাকে চরমভাবে ব্যাহত করছে।

উল্লেখ্য, গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিমান ও সামরিক হামলা স্থগিত রেখেছে এবং তেহরানও তাদের পাল্টা আক্রমণ বন্ধ রাখায় অঞ্চলে বর্তমানে এক ধরনের সতর্কতামূলক ও সাময়িক শান্ত পরিস্থিতি বিরাজ করছে।

সূত্র: মেহের নিউজ / ডন

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward