কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নতুন উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত দুজনই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষক। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো প্রশাসনিক সর্বোচ্চ তিনটি পদে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকেরা একসঙ্গে দায়িত্ব পালন করছেন।
বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং কোষাধ্যক্ষ হিসেবে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।
সোমবার ২৭ জুলাই সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপন দুটিতে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ (সংশোধিত-২০১৩) এর ১২(১) অনুযায়ী কোষাধ্যক্ষ এবং ১১ (ক) (১) ধারা অনুযায়ী উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা পূর্বে ঘটে, সেই সময় পর্যন্ত তাঁরা স্বীয় পদে বহাল থাকবেন।
খোঁজ নিয়ে জানা যায়, নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার কুমিল্লা জেলার হোমনা উপজেলার আলীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি এবং চীনের উহান ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে ট্যুরিজম মার্কেটিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশি-বিদেশি জার্নালে তাঁর ৩০টিরও বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।
এছাড়া তিনি কুবির সিন্ডিকেট সদস্য, বিভাগীয় প্রধান, ব্যবসায়ী শিক্ষা অনুষদের ডিন, একাডেমিক কাউন্সিলের সদস্য, অর্থ কমিটির সদস্য ও ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আহ্বায়ক এবং উচ্চশিক্ষা সেলের তত্ত্বাবধায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এদিকে নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং চীনের শিয়ামেন ইউনিভার্সিটি থেকে ২০১১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিষয়েও তাঁর উচ্চতর পেশাগত যোগ্যতা রয়েছে।
২০১১ সালে কুবইতে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেওয়া এই শিক্ষকের ৪১টিরও বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বিভাগীয় প্রধান, ডিন, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
প্রজ্ঞাপন জারির পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমার্ধেই নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এতে উপাচার্য, নবনিযুক্ত উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ‘উপাচার্য মহোদয় আমাদের বিশ্ববিদ্যালয়কে “স্টুডেন্ট ফার্স্ট” হিসেবে ঘোষণা করেছেন, সেই আলোকে শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত মানোন্নয়নে কাজ করে যাব। সব অংশীজনের সহযোগিতা ও দোয়া কামনা করছি।’
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সার্বিক মানোন্নয়নে আমরা সর্বাত্মক চেষ্টা করব। কার্যকর উদ্যোগের মাধ্যমে কুবিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চাই।’
উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, ‘নবনিযুক্ত উপ-উপাচার্যের ওপর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শৃঙ্খলা ফেরানো ও মানোন্নয়নের মূল দায়িত্ব প্রদান করা হলো। আশা করছি, নবনিযুক্ত দুজনই সফলতার সাথে তাঁদের দায়িত্ব পালন করবেন এবং কুবিকে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে ভূমিকা রাখবেন।’
kalprakash.com/IM