ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষার ২১০৭ নম্বর কোর্সের উত্তরপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই কোর্সের দ্বিতীয় পরীক্ষক ছিলেন বিভাগের অধ্যাপক ও উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
কমিটিতে খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ এস এম আয়নুল হক আকন্দকে আহ্বায়ক এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামানকে সচিব করা হয়েছে। কমিটির আরেক সদস্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ।
এর আগে উপ-উপাচার্য ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেনের বিরুদ্ধে খাতা হারানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় পাঁচ মাস ধরে ওই সেমিস্টারের ফল আটকে আছে। ফল প্রকাশ না হওয়ায় পরবর্তী সেমিস্টারের পরীক্ষা নিয়েও শিক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ এস এম আয়নুল হক আকন্দ বলেন, ‘চিঠি হাতে পেয়েছি। আমরা তদন্তের কাজ অনেক দূর এগিয়ে নিয়েছি। আশা করি, আগামীকাল বা পরবর্তী শনিবার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব।’
kalprakash.com/IM