২০২৬ ফিফা বিশ্বকাপকে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হিসেবে বিবেচনা করা হয়েছিল। ৩৯ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্সে তিনি আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন। পুরো টুর্নামেন্টে আট গোল ও চার অ্যাসিস্ট করে তিনি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন। তবে ফাইনালে স্পেনের কাছে হারের পর আবারও সামনে এসেছে প্রশ্ন—আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ কবে?
আর্জেন্টিনার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে পারেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে আর্জেন্টিনার মাটিতেই।
প্রতিবেদনে বলা হয়েছে, মেসি আরও কয়েক মাস জাতীয় দলের হয়ে খেলতে চান, যাতে নতুন প্রজন্মের কোনো ফুটবলার নেতৃত্ব গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে পারেন এবং প্রধান কোচ লিওনেল স্কালোনি ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল গুছিয়ে নেওয়ার সময় পান।
খবরে আরও বলা হয়, মেসি ইতোমধ্যে কোচ স্কালোনিকে আগামী বিশ্বকাপের পরিকল্পনায় তাকে না রাখার অনুরোধ জানিয়েছেন। এদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তার জন্য একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে।
বিইন স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মাটিতে ওই বিদায়ী ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন মেসি। ফলে ২০৩০ বিশ্বকাপে তাকে আর খেলতে দেখা যাবে না।
মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ২০২২ কাতার বিশ্বকাপ, ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২৪ কোপা আমেরিকার শিরোপা জিতেছে। ২০২৬ বিশ্বকাপে দলটি রানার্সআপ হয়েছে। দিয়েগো ম্যারাডোনার উত্তরসূরি হিসেবে বিবেচিত এই আর্জেন্টাইন কিংবদন্তির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তিও স্মরণীয়ভাবে আয়োজনের প্রস্তুতি চলছে।
kalprakash.com/IM