প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে। রাজধানীর বাইরে দেশটির বিভিন্ন অঞ্চলেও এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
আন্দোলন দমনে পুলিশের হামলার অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর।
সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের প্রতি নিজের সমর্থন জানিয়ে নেহা কক্কর জাস্টিস ফর স্টুডেন্টস লেখা একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া প্রতিটি শিক্ষার্থীর পাশে আমি আছি। আমি তোমাদের সমর্থন করি এবং তোমাদের শক্তির জন্য প্রার্থনা করি। তোমাদের স্বপ্নগুলোর গুরুত্ব অনেক। শক্ত থেকো।
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। বহু অনুরাগী ও সাধারণ ব্যবহারকারী তার এ বার্তায় প্রতিক্রিয়া জানান। অনেকেই সংকটের সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য তাকে ধন্যবাদ জানান।
তবে প্রশংসার পাশাপাশি সমালোচনারও মুখে পড়েছেন এই গায়িকা। মন্তব্যের ঘরে কেউ কেউ রাজনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ তুলেছেন। আবার কেউ সরাসরি রাজপথে নেমে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, দিল্লিতে চলমান কাকরোচ জনতা পার্টি (সিজেপি)-এর আন্দোলনে ইতোমধ্যে ভারতের একাধিক তারকা প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।
সালমান খান, অরিজিৎ সিং, ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা এবং রিতেশ দেশমুখসহ বেশ কয়েকজন তারকা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে রাজপথে অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান প্রকাশ করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন নেহা কক্কর।
kalprakash.com/IM