বাগেরহাটের কচুয়া উপজেলা প্রশাসন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দক্ষতা ও আর্থিক স্বচ্ছতার একটি উদাহরণ স্থাপন করেছে। উপজেলার দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন ও সংস্কার প্রকল্পের কাজ সম্পন্ন করে সাশ্রয় হওয়া ৩৪ লাখ ৩৮ হাজার ২৯৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
জানা গেছে, গোপালপুর ও মঘিয়া ইউনিয়নের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা, কৃষিজমিতে সেচ নিশ্চিত করা এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমানোর লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।
প্রকল্পটির জন্য মোট বরাদ্দ ছিল ৭৭ লাখ ৩৩ হাজার ১৪২ টাকা। তবে যথাযথ পরিকল্পনা, মানসম্মত বাস্তবায়ন এবং ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রকল্পটি ৪২ লাখ ৮৪ হাজার ৮৪৩ টাকা ব্যয়ে সম্পন্ন করা সম্ভব হয়। ফলে সাশ্রয় হওয়া ৩৪ লাখ ৩৮ হাজার ২৯৯ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
প্রকল্পের আওতায় দড়িটানা থেকে বলেশ্বর নদী পর্যন্ত এবং মঘিয়া ইউনিয়নের কাঠালিয়া খালের একাংশ পুনঃখনন করা হয়েছে। পাশাপাশি খালের দুই পাড়ে ৮০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। এছাড়া স্থানীয় মানুষের যাতায়াত সহজ করতে একটি পাইপ কালভার্ট ও একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুদেব কৃষ্ণ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসানের সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পের প্রতিটি ধাপে ব্যয়ের স্বচ্ছতা এবং কাজের গুণগত মান নিশ্চিত করা হয়েছে।
স্থানীয়দের মতে, প্রকল্পটি কৃষি, পরিবেশ ও জনস্বার্থ—তিন ক্ষেত্রেই দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে সরকারি অর্থ সাশ্রয়ের এ উদ্যোগ প্রশাসনিক জবাবদিহিতার একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।
kalprakash.com/IM