মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | রাত ২:০৭:১৩

লংগদু-নানিয়ারচর সড়কের কাজ দ্রুত শুরুর আশ্বাস এমপি দীপেন দেওয়ানের

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:৩৩
শেয়ার: mail
লংগদু-নানিয়ারচর সড়কের কাজ দ্রুত শুরুর আশ্বাস এমপি দীপেন দেওয়ানের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাঙামাটির লংগদু উপজেলার দীর্ঘদিনের জনদাবি লংগদু-নানিয়ারচর সংযোগ সড়কের কাজ দ্রুত শুরু এবং উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মিত কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

বুধবার (২২ জুলাই) লংগদু উপজেলা সফরকালে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন এবং উপজেলা পরিষদের নবনির্মিত সম্মেলন কক্ষের উদ্বোধন শেষে তিনি এ আশ্বাস দেন।

সকালে লংগদুতে পৌঁছালে উপজেলা প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা এমপি দীপেন দেওয়ানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার উন্নয়ন কার্যক্রম, সরকারি সেবার মানোন্নয়ন এবং চলমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

এরপর উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এমপি দীপেন দেওয়ান।

সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, লংগদু-নানিয়ারচর সংযোগ সড়ক উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। প্রকল্পটির কাজ দ্রুত শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মিত কার্যক্রমের বিষয়েও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পান।

এ ছাড়া বিদ্যুৎবিহীন তিনটি ইউনিয়নে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ে গেট দিয়ে পানি নিষ্কাশন অব্যাহত থাকায় কাপ্তাই হ্রদের পানির স্তর ধীরে ধীরে কমছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টায় হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৩ দশমিক ৩১ ফুট এমএসএল, যা ১০৯ দশমিক ০০ ফুট এমএসএল বিপৎসীমার চেয়ে ৫ দশমিক ৬৯ ফুট নিচে রয়েছে।

অন্যদিকে, বিলাইছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মানবিক উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিলাইছড়ি উপজেলা দলীয় কার্যালয়ের সামনে ৮ নম্বর ওয়ার্ডের ধুপশিল এলাকার ১০টি অসহায় পরিবারের জন্য খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়।

সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত এ কর্মসূচিতে ১০টি পরিবারের জন্য ১০০ কেজি চাল, ১০ কেজি ডাল, ২০ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ এবং ৫ কেজি লবণ বিতরণ করা হয়। এসব ত্রাণসামগ্রী ৮ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতির হাতে তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মামুন ইসলাম, ১ নম্বর বিলাইছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মিজানুর রহমান সিকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আহমদ এবং স্বেচ্ছাসেবক নেতা সানু রঞ্জন চাকমা, রাহুল মারমা ও মো. আল আমিন।

ত্রাণ বিতরণ শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মামুন ইসলাম বলেন, সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও অবহেলিত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সন্ধান পাওয়া গেলে সরকারের সহযোগিতায় তাদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward