শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৫২:৫৪

চিতলমারীতে হাসনাত আব্দুল্লাহ: নতুন বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাই

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:০৩
শেয়ার: mail
চিতলমারীতে হাসনাত আব্দুল্লাহ: নতুন বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাই

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই আমরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেখানে কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া সাধারণ মানুষ সমান মর্যাদা ও নাগরিক অধিকার ভোগ করবেন। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বাগেরহাটের চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচিটি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত হয়।

হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের তরুণ ছাত্র-জনতা রাজপথে বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। সেই আত্মত্যাগের চেতনা ধারণ করেই আমরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।

তিনি বলেন, এনসিপি একটি নতুন রাজনৈতিক দল। দলটি দেশ গঠনের কাজে জনগণের সহযোগিতা প্রত্যাশা করে। আমরা তরুণ। আমাদের ভুল-ত্রুটি থাকতে পারে। আপনারা ভুল ধরিয়ে দেবেন, পরামর্শ দেবেন। জনগণকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।

সংসদে এনসিপির বর্তমান প্রতিনিধিত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে দলটির ছয়জন সংসদ সদস্য জনগণের বিভিন্ন সমস্যা ও দাবি সংসদে তুলে ধরছেন। ভবিষ্যতে জনগণের সমর্থন নিয়ে ১৬০টি আসনে বিজয়ী হয়ে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

বিএনপির উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশ নিলেও তা বাস্তবায়নের দৃশ্যমান উদ্যোগ নেই। জনগণের গণভোটের রায়কে সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ পরিবারকে প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতে তাদের নেতৃত্ব জনগণ আর গ্রহণ করবে না।

পথসভায় তিনি চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইশতিয়াক হোসেন জামিকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তার পক্ষে সমর্থন ও ভোট কামনা করেন। একই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এনসিপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের কেন্দ্রীয় নেতারা।

অনুষ্ঠানে চিতলমারী উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েলের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী রফিকুল ইসলাম (কাকা মিয়া)-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহামুদা মিতু।

এছাড়া বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় সদস্য মহিউদ্দিন রনি, ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ হাসান, কেন্দ্রীয় নারী শক্তির নেত্রী আজবীন আরবিন নওশিন, বাগেরহাট জেলা এনসিপির সভাপতি মোর্শেদ আনোয়ার সোহেল, চিতলমারী উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনীত প্রার্থী ইশতিয়াক হোসেন জামি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাব্বির মল্লিকের পিতা শহিদুল মল্লিকসহ কেন্দ্র, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

পথসভা শেষে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে একটি জুলাই পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি চিতলমারী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২২ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

চিতলমারীতে হাসনাত আব্দুল্লাহ: নতুন বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাই

বিস্তারিত কমেন্টে