যশোরের শার্শায় কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে হেলপার নিহত হয়েছেন। নিহত হেলপারের নাম আরিফ হোসেন (৩০)। তাঁর বাড়ি বগুড়ার শেরপুরে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টায় নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা নামক স্থানে ঘটনাটি ঘটে বলে জানান নাভারন হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে যশোরের দিকে যাওয়ার সময় নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে কাভার্ড ভ্যানটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে হেলপার আরিফ হোসেন মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুখেন্দু কুমার মজুমদার বলেন, সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত আরিফ হোসেনের হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান এই চিকিৎসক।
এসআই আনিছুর রহমান বলেন, গাড়ির চালক ঘটনার পরপরই পালিয়ে যান। তাঁকে আটকের চেষ্টা চলছে। কাভার্ড ভ্যানটি হেফাজতে নেওয়া হয়েছে।
kalprakash.com/IM