নাশকতার মামলায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের দুই নেতা গোলাম হাসনায়েন রাসেল (৫২) ও বশির আহমেদ (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া গোলাম হাসনায়েন রাসেল ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়া এলাকার বাসিন্দা এবং পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে। তিনি ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
অপর গ্রেপ্তার হওয়া বশির আহমেদ ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক। তিনি ভাঙ্গুড়া পৌর সদরের কুমড়াডাঙ্গা এলাকার মৃত মাওলানা রিয়াজ উদ্দিনের ছেলে।
পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় ভাঙ্গুড়া থানা পুলিশ সোমবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার ভাঙ্গুড়া থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম জানান, ২০২৫ সালে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১১ মে গভীর রাতে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরদিন এ ঘটনায় বিএনপি কর্মী ময়ছের আলী বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীর নামসহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়।
kalprakash.com/IM