মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | রাত ১:২০:৫৬

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১:৩৩
শেয়ার: mail
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনের টিকিট পরীক্ষক (টিটি) মারধরের অভিযোগে চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জুলাই) সকালে শুরু হওয়া এ কর্মসূচিতে অভিযুক্তদের শাস্তির দাবি জানান তারা। এতে রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

মারধরের শিকার শিক্ষার্থীর নাম ফুরকান উদ্দিন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, পদ্মা এক্সপ্রেস ট্রেনে দায়িত্বরত টিকিট পরীক্ষক (টিটি) বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে অর্থ নিয়ে টিকিট ইস্যু না করেই ভ্রমণের সুযোগ দিচ্ছিলেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়। এ সময় তার ব্যবহৃত চশমাও ভেঙে যায়।

ফুরকান উদ্দিন বলেন, রেলের অর্থ রাষ্ট্রের সম্পদ। টিকিট ইস্যু না করে যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি দেখে একজন সচেতন নাগরিক ও আইন বিভাগের শিক্ষার্থী হিসেবে প্রতিবাদ জানিয়েছিলাম। এর জের ধরে আমাকে অতর্কিতভাবে মারধর করা হয়। আমি আহত হয়েছি এবং আমার চশমা ভেঙে গেছে।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি জানান। সেগুলো হলো—

  • অভিযুক্ত টিটিকে উপস্থিত করতে হবে।
  • ঘুষ গ্রহণের অভিযোগে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে এবং শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রেল কর্তৃপক্ষকে বাদী হয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
  • ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ দিতে হবে।
  • সব দূরপাল্লার ট্রেনের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা করতে হবে।

এদিকে, শিক্ষার্থী হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। আন্দোলনস্থলে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, রেললাইন বন্ধ থাকবে। রেলওয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা আমাদের কাছে এসে বিষয়টির সমাধান করবেন। পদ্মা এক্সপ্রেসের টিটির মাধ্যমে রাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে অন্যায়ভাবে মারধরের প্রতিবাদে রেললাইন বন্ধ করা হয়েছে। অভিযুক্তকে ক্ষমা চাইতে হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও লেখেন, এর আগেও রাবি শিক্ষার্থীদের সঙ্গে এমন অনেক আচরণের অভিযোগ রয়েছে। ভবিষ্যতে যেন কোনো শিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা না ঘটে, সে ব্যবস্থা করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের একজন এবং বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল ইসলাম বলেন, অন্যায়ের প্রতিবাদ করায় একজন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। রেলে অনিয়ম ও প্রতিবাদকারীদের হেনস্তার ঘটনা নতুন নয়। ঘুষ গ্রহণের অভিযোগের তদন্ত, মারধরের ক্ষতিপূরণ এবং যথাযথ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রেলপথ অবরোধ অব্যাহত থাকবে।

ঘটনার বিষয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের কর্মসূচির কারণে রাজশাহীর সঙ্গে দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward