ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বেজুরা এলাকায় ঐতিহ্যবাহী বেনু মেম্বার হাডুডু ফাইনাল টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নাসিরনগর একাদশ ৬-১ পয়েন্টে বেজুরা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। এ সময় তার সহধর্মিণীও উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা এবং নাসিরনগরের সাবেক সংসদ সদস্য সৈয়দ মোর্শেদ কামালের পুত্র সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান।
এ ছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নাসিরনগর একাদশের হাতে পুরস্কার হিসেবে একটি ষাঁড় গরু তুলে দেওয়া হয়। রানারআপ বেজুরা একাদশকে পুরস্কার হিসেবে একটি খাসি প্রদান করা হয়।
আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলাকে টিকিয়ে রাখা এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হাজারো দর্শকের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে টুর্নামেন্টের সমাপ্তি হয়।
kalprakash.com/IM
মো. শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 





















