২০২৬ ফিফা বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর জাতীয় দলে বড় পরিবর্তনের পথে হাঁটছে পর্তুগাল। শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর প্রধান কোচের দায়িত্ব ছাড়েন রবার্তো মার্টিনেজ। তার শূন্যস্থান পূরণে সবচেয়ে এগিয়ে রয়েছেন অভিজ্ঞ পর্তুগিজ কোচ জর্জ জেসুস।
যদিও পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) এখনো আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম ঘোষণা করেনি, তবে চলতি সপ্তাহের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা।
বুধবার (৯ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নতুন কোচকে পর্তুগিজ ফুটবল সম্পর্কে গভীর ধারণাসম্পন্ন হতে হবে এবং জাতীয় দলের জয়ের সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। কয়েকজন সম্ভাব্য প্রার্থীর বিষয়ে কাজ চলছে এবং সপ্তাহের শেষ নাগাদ ইতিবাচক খবর দেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে পর্তুগালের ক্রীড়া দৈনিক আ বোলা এবং ইএসপিএন-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৭১ বছর বয়সী জর্জ জেসুসকেই জাতীয় দলের দায়িত্ব দিতে প্রস্তুতি নিচ্ছে এফপিএফ।
সৌদি আরবের ক্লাব আল নাসরের দায়িত্ব ছাড়ার পর গত মে মাস থেকে ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন জেসুস। জাতীয় দলের কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও ক্লাব ফুটবলে তার সাফল্য বেশ সমৃদ্ধ।
বেনফিকার দায়িত্বে থেকে তিনটি লিগ শিরোপাসহ মোট ১০টি ট্রফি জিতেছেন তিনি। ২০১৯ সালে ফ্ল্যামেঙ্গোর কোচ হয়ে মাত্র এক বছরের মধ্যেই পাঁচটি বড় শিরোপা এনে দিয়ে ক্লাবটির ইতিহাসে অন্যতম সফল কোচের মর্যাদা পান। পরে আল হিলালের দায়িত্ব নিয়ে ২০২৩-২৪ মৌসুমে দলকে ঘরোয়া ট্রেবলও উপহার দেন। এছাড়া ২০২৫ সালে কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে সেলেসাওদের সম্ভাব্য কোচ হিসেবেও আলোচনায় ছিল তার নাম।
বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পর দ্রুত ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েছে পর্তুগাল। শিরোপার অন্যতম দাবিদার হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। তাই নতুন কোচের নেতৃত্বে ভবিষ্যতের পরিকল্পনা সাজাতে ব্যস্ত পর্তুগিজ ফুটবল ফেডারেশন।
ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আশাবাদ ব্যক্ত করে এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েনসা বলেন, “পর্তুগিজ ফুটবলে নতুন এক জয়ের অধ্যায় শুরু করতে চাই আমরা। বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স প্রত্যাশার অনেক নিচে ছিল। এখন সেই হতাশা কাটিয়ে সামনে নেশনস লিগ, ইউরো এবং ২০৩০ সালের বিশ্বকাপকে লক্ষ্য করে এগিয়ে যেতে হবে। আমাদের স্বপ্ন এখন আরও বড়।”