পাবনার ঈশ্বরদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হামলা, ভাঙচুর এবং অনুষ্ঠান পণ্ড করার ঘটনায় বিএনপির একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি।
বুধবার (১ জুলাই) ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফজলুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুমতি নিয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম-এর বিদায় সংবর্ধনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
তিনি অভিযোগ করেন, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব-কে প্রধান অতিথি না করায় তাঁর অনুসারী হিসেবে পরিচিত বিএনপি নেতা আবুল কাশেম, কৃষকদলের সদস্যসচিব মইনুল ইসলাম সরদার, আলম (দালাল আলম), মনিক্কার মিয়াসহ ১৫ থেকে ২০ জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অনুষ্ঠানে হামলা চালান। তারা মঞ্চ, প্যান্ডেল, চেয়ার-টেবিল ভাঙচুর, ব্যানার পুড়িয়ে ফেলা এবং অতিথি ও শিক্ষার্থীদের জন্য রান্না করা খাবার নষ্ট করার অভিযোগ করেন।
ফজলুর রহমান আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় ঈশ্বরদীতে তিনিই প্রথম গ্রেপ্তার হন এবং গত ১৭ বছরে একাধিকবার কারাবরণ করেছেন। এমন একজন বিএনপি-সমর্থক হয়েও নিজের সভাপতিত্বাধীন বিদ্যালয়ে এ ধরনের হামলার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই তিনি সেখানে শিক্ষকতা করেছেন। অবসরের শেষ কর্মদিবসে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির পক্ষ থেকে আয়োজিত বিদায় অনুষ্ঠান হামলার কারণে পণ্ড হয়ে যায়। এতে শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা খাবার বিতরণ করতে পারেননি এবং তাঁর জন্য আনা উপহারও গ্রহণ করা সম্ভব হয়নি। এই ঘটনা তাঁর জীবনের অন্যতম বেদনাদায়ক স্মৃতি হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির একাংশের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ সরদার, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক কবির আহমেদ, বিএনপি নেতা আলাউদ্দিন সরদার, হুমায়ুন কবির দুলাল, মতিয়ার রহমান, মফিজ উদ্দিন মানিক, আবু তালেব ফকির, মুশফিকুর রহমান সজলসহ শতাধিক নেতাকর্মী।
প্রসঙ্গত
মঙ্গলবার উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার-কে প্রধান অতিথি করা হয়। অভিযোগ রয়েছে, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব-কে অতিথি তালিকায় না রাখার জেরে তাঁর অনুসারীরা বিদ্যালয়ে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেন।
পাবনা প্রতিনিধি 

















