শ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নামছে ব্রাজিল। শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নকআউট পর্বের পথে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না সেলেসাওরা।
ইতিহাসও ব্রাজিলের পক্ষে কথা বলছে। ১৯৭৮ সালের পর কোনো বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে জয়হীন থাকার অভিজ্ঞতা নেই তাদের। তাই হাইতির বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বড় সুযোগ।
ফিফা র্যাঙ্কিংয়েও দুই দলের ব্যবধান বিশাল। বর্তমানে ব্রাজিল রয়েছে ৬ নম্বরে, আর হাইতির অবস্থান ৮৪তম। অর্থাৎ দুই দলের মধ্যে ব্যবধান ৭৮ ধাপ।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে ব্রাজিলকে বড় ব্যবধানে এগিয়ে রাখছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণও। অপটার সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৮৭.৩ শতাংশ। অন্যদিকে হাইতির জয়ের সম্ভাবনা মাত্র ৪.৩ শতাংশ, আর ড্রয়ের সম্ভাবনা ৮.৪ শতাংশ।
প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও ব্রাজিলের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখনও শক্তিশালী। অপটার হিসাব অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৫২ শতাংশ এবং শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার সম্ভাবনা ৯০.৩ শতাংশ। শিরোপা জয়ের সম্ভাবনাও ৫.৪ শতাংশ ধরে রাখা হয়েছে।
অন্যদিকে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শুরু করা হাইতির সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। তাদের নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা মাত্র ৫.৮ শতাংশ এবং গ্রুপসেরা হওয়ার সম্ভাবনা ০.৪ শতাংশ।
অতীত পরিসংখ্যানও ব্রাজিলের আধিপত্যের গল্পই বলে। দুই দল এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই জয় পেয়েছে ব্রাজিল। এসব ম্যাচে সেলেসাওরা মোট ১৭ গোল করেছে, বিপরীতে হাইতির গোল মাত্র একটি। সর্বশেষ ২০১৬ সালের কোপা আমেরিকায় হাইতিকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল।
সব মিলিয়ে, পরিসংখ্যান, ইতিহাস এবং বর্তমান শক্তিমত্তা—সবদিক থেকেই হাইতির বিপক্ষে পরিষ্কার ফেবারিট ব্রাজিল। এখন দেখার বিষয়, মাঠের খেলায় সেই আধিপত্য কতটা প্রতিষ্ঠা করতে পারে সেলেসাওরা।
খেলা ডেস্ক 






















