সরকারের কর্মপরিকল্পনা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম। কর্মক্ষেত্রে সততা, দক্ষতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসন তাকে এ সম্মাননায় ভূষিত করেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মো. খাইরুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলায় যোগদানের পর থেকেই গ্রামীণ অবকাঠামো ও সড়ক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি, কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভূমি উন্নয়ন কর আদায়ে দক্ষতা ও সততার পরিচয় দিয়ে আসছেন। তাঁর ধারাবাহিক সফলতা ও জনমুখী প্রশাসনিক কর্মকাণ্ডের মূল্যায়ন করেই জেলা প্রশাসন তাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মনোনীত করেছে।
সোমবার (১৫ জুন) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদের মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে ‘শিক্ষার মান উন্নয়ন’ বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক শ্রেষ্ঠ ইউএনও মো. খাইরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।
সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় মো. খাইরুল ইসলাম জেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যেকোনো কাজের স্বীকৃতি দায়িত্ববোধ ও কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেয়। এই সম্মাননা আগামী দিনে জনগণের সেবা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে।
kalprakash.com/SAS
রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি 

















