সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরীক্ষার ফি নির্ধারণের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন। পরীক্ষা পরিচালনার ব্যয় নির্বাহ এবং শিক্ষকদের ওপর আর্থিক চাপ কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১৩ জুন) রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩০ টাকা, চতুর্থ শ্রেণির জন্য ৪০ টাকা এবং পঞ্চম শ্রেণির জন্য ৫০ টাকা পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে।
মো. সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে বিদ্যালয়গুলোতে যে স্লিপ বরাদ্দ দেওয়া হয়, তা দিয়ে অনেক ক্ষেত্রে পরীক্ষা আয়োজনের প্রয়োজনীয় ব্যয় মেটানো সম্ভব হয় না। ফলে অনেক সময় শিক্ষকদের ব্যক্তিগত অর্থ ব্যয় করে পরীক্ষার কার্যক্রম পরিচালনা করতে হয়, যা তাদের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করে।
তিনি বলেন, সিদ্ধান্তটি নিয়ে জনমনে আলোচনা বা প্রশ্ন তৈরি হতে পারে। তবে পরীক্ষার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং শিক্ষকদের আর্থিক চাপ কমানোর বিষয়টি বিবেচনায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এর চেয়ে বেশি হারে পরীক্ষার ফি নেওয়া হয় বলেও তিনি উল্লেখ করেন।
গণশিক্ষা সচিব আরও জানান, বিদ্যালয়গুলোর স্লিপ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এবং আগামী অর্থবছর থেকে স্কুলগুলো আরও বেশি বরাদ্দ পাবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিকল্পনা) ছাইফুল ইসলাম, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম, হলদে পাখি কমিশনার বেলা রাণী সরকারসহ বিভিন্ন আঞ্চলিক কমিশনার উপস্থিত ছিলেন।
kalprakash.com/SAS
অনলাইন ডেস্ক 
















