বাংলাদেশ বর্তমানে একটি জটিল ও বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতিকে স্থিতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
শনিবার (৬ জুন) ‘সংকট মুহূর্তের বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক তিতুমীর জানান, নতুন অর্থবছরের বাজেটে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি অ্যান্ড রিকনসিলিয়েশন’ প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধারের পাশাপাশি স্বাস্থ্য খাতেও বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। আধুনিক, কার্যকর ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা ও কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারীরা কৃষি, শিল্প, জ্বালানি, পরিবেশ এবং বৈদেশিক বাণিজ্যসহ বিভিন্ন খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। বিশেষভাবে কৃষকদের স্বার্থ সংরক্ষণে কৃষি খাতে অর্থায়ন বৃদ্ধি, শিল্পভিত্তিক বাজেট প্রণয়ন, তেল ও বিদ্যুৎ খাতের সংকট মোকাবিলা, পরিবেশগত ঝুঁকি হ্রাস, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং আমদানি-রপ্তানি খাতের প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা ও বাস্তবমুখী নীতিমালা গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
আজিজুল ইসলাম যুবরাজ 


















