শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:৪২:৩৪

সীমান্তে চরম দুর্ভোগ: পুশ ইনের চেষ্টায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন ১০ নারী-শিশু-পুরুষের

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৫:০৫
শেয়ার: mail
সীমান্তে চরম দুর্ভোগ: পুশ ইনের চেষ্টায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন ১০ নারী-শিশু-পুরুষের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর পুশ ইনের চেষ্টার মুখে ১০ জন নারী, শিশু ও পুরুষ অবরুদ্ধ হয়ে পড়েছেন। তারা টানা ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে চরম অনিশ্চয়তা ও বৈরী আবহাওয়ার মধ্যে মাঠে অবস্থান করায় তারা মানবেতর জীবনযাপন করছেন।

আটকে পড়া ১০ জনের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে। তারা বর্তমানে সীমান্তসংলগ্ন একটি জলাবদ্ধ কৃষিজমিতে অবস্থান করছেন।

জানা যায়, গত শুক্রবার (৫ জুন) ভোররাতে বিএসএফ ওই ১০ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা চালায়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে থেকে এর তীব্র প্রতিরোধ গড়ে তোলে। বিজিবির অনড় অবস্থানের কারণে তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেননি। এরপর থেকেই তারা শূন্যরেখার ওপারে ভারতের অভ্যন্তরে আটকা পড়ে রয়েছেন।

এলাকাবাসী জানান, শুক্রবার রাতে সীমান্ত এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যেও নারী ও শিশুসহ আটকে পড়া এসব মানুষ কোনো ধরনের আশ্রয় পাননি। অস্থায়ী আশ্রয় কিংবা মানবিক সহায়তা ছাড়াই কাদাপানিতে ভেজা মাঠে অবস্থান করতে হচ্ছে তাদের। এতে প্রচণ্ড ঠান্ডা, অনাহার এবং অসুস্থতার ঝুঁকি বেড়েছে। বিশেষ করে শিশুদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

এদিকে সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিজিবি ওই এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সংকটের কোনো সমাধান হয়নি। ফলে ওপারে আটকে পড়া মানুষগুলোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, শুক্রবার কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিএসএফ তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে। আমরাও স্পষ্টভাবে জানিয়েছি, অবৈধভাবে পুশ ইন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আজ আবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

সীমান্তে চরম দুর্ভোগ: পুশ ইনের চেষ্টায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন ১০ নারী-শিশু-পুরুষের

বিস্তারিত কমেন্টে