নাটোরের নলডাঙ্গা উপজেলায় মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাদকের বিস্তার রোধে পৃথক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে পৃথক তিনটি মামলায় তিনজনকে দণ্ড দেওয়া হয়েছে।
উপজেলার পাটুল হালতি বিল এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা লঙ্ঘনের অপরাধে দুজনকে পৃথক দুটি মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন খাজুরার একডালা এলাকার জিহাদ সরদারের ছেলে মো. হাফিজুল ইসলাম এবং বাঁশিলা এলাকার শওখিন সরদারের ছেলে মো. এরশাদ আলী।
অভিযানকালে ৩৮টি চায়না দুয়ারি জাল ও প্রায় ৩০০ ফুট সুতি জাল জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এ ছাড়া অবৈধভাবে স্থাপন করা প্রায় ২০০ ফুট বাঁশের বাঁধ অপসারণ করা হয়। জব্দ করা প্রায় ৩০ কেজি মাছ স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অন্যদিকে উপজেলার মাধবপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা লঙ্ঘনের অপরাধে মো. সেন্টুর ছেলে মো. শিহাবকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
kalprakash.com/IM