বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | সকাল ১০:০৮:২৩

নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ২য় ছোটদের বাংলা বইমেলা

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৩:৪৪
শেয়ার: mail
নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ২য় ছোটদের বাংলা বইমেলা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলা ভাষা ও সাহিত্যচর্চার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ‘২য় নিউইয়র্ক ছোটদের বাংলা বইমেলা–২০২৬’। গত ৩০ মে জ্যামাইকার শাহী কিচেন মিলনায়তনে আয়োজিত এই মেলায় অংশ নেন বিপুলসংখ্যক প্রবাসী বাঙালি, শিশু-কিশোর ও সাহিত্যপ্রেমীরা।

বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই বইমেলায় বই প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি ছিল লেখক-পাঠক আড্ডা, গল্প বলা, ছড়া-কবিতা আবৃত্তি এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় চার লেখক—কাজী জহিরুল ইসলাম, ডা. সজল আশফাক, আলম সিদ্দিকী ও আশিক মুস্তাফা।

এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল আশিক মুস্তাফার নতুন বই ‘One Little Mother’-এর মোড়ক উন্মোচন। পাশাপাশি ৯০-এর দশকের ঐতিহ্যবাহী খেলনা ও বিভিন্ন স্মৃতিময় ছবি নিয়ে বিশেষ পোস্টকার্ড প্রদর্শনীও দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে।

মেলাজুড়ে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তারা গল্প বলা, ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি বই পড়া ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে মেতে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব ও লেখক কাজী শামীম আহমেদ। তিনি বলেন, এই বইমেলা নতুন প্রজন্মকে তাদের শিকড় ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী জহিরুল ইসলাম ও ফারহানাজ শারমিন খান। তারা বাংলা বইয়ের প্রসার, ইংরেজি অনুবাদ এবং শিশুদের সাহিত্যচর্চায় সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে আমন্ত্রিত লেখকরা নিজেদের লেখা বই থেকে পাঠ করেন এবং পাঠকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে শিল্পী ফিরোজ মিয়া ও শাহনেওয়াজ নজরুলের পরিবেশনায় দেশাত্মবোধক ও কালজয়ী গানের সুরে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

রাত ১০টায় সফল ও আনন্দঘন এই বইমেলার সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলড্রেড এলির চেয়ারপারসন কাজী শামীমা আক্তার শিমুল এবং সঞ্চালনায় ছিলেন আফরোজা আখতার মুন্নি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward