হলিউড তারকা ব্র্যাড পিটের স্কিনকেয়ার ব্র্যান্ড ‘বিউ ডোমেইন’ এবার নতুন করে আইনি জটিলতার মুখে পড়েছে। তাঁর প্রতিষ্ঠিত এই ব্র্যান্ডের বিরুদ্ধে মামলা করেছে আরেক প্রসাধনী প্রতিষ্ঠান ‘বিউ ডি’, যাদের অভিযোগ—দুই ব্র্যান্ডের নামের সাদৃশ্য ক্রেতাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
‘বিউ ডি’ ২০২০ সালে যাত্রা শুরু করে এবং তাদের জনপ্রিয় পণ্যের মধ্যে রয়েছে প্রিমিয়াম লিপ বাম ও ‘ডি ক্রিম’, যা বিশেষভাবে পুরুষদের ইন্টিমেট স্কিনের জন্য তৈরি বলে দাবি করে প্রতিষ্ঠানটি। তাদের ওয়েবসাইটেও পণ্যটি নিয়ে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে।
অন্যদিকে ব্র্যাড পিট ২০২২ সালে ফরাসি ওয়াইন প্রস্তুতকারক পেরিন পরিবারের সঙ্গে যৌথভাবে প্রথমে ‘লা ডোমেইন’ নামে স্কিনকেয়ার ব্র্যান্ড চালু করেন। আঙুর নির্ভর উপাদান ব্যবহার করে তৈরি এই পণ্য দ্রুতই পরিচিতি পায়। পরবর্তীতে ২০২৪ সালে ব্র্যান্ডটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘বিউ ডোমেইন’।
এই নাম পরিবর্তনের পর থেকেই আপত্তি জানাতে শুরু করে ‘বিউ ডি’। তাদের দাবি, নতুন নামটি তাদের নিবন্ধিত ট্রেডমার্কের সঙ্গে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ, যা ব্র্যান্ড পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। সংস্থাটির অভিযোগ, বিষয়টি আদালতের বাইরে সমাধানের জন্য তারা তিনবার যোগাযোগ করলেও কোনো সমাধান না মেলায় শেষ পর্যন্ত মামলা করতে বাধ্য হয়েছে।
এখন আদালতে এই নামসংক্রান্ত বিরোধের চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।