রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:৪২:০৪

আইনশৃঙ্খলার ক্ষেত্রে সরকার জনগণের হক আদায় করতে পারছে না: পরওয়ার

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৯:৩৯
শেয়ার: mail
আইনশৃঙ্খলার ক্ষেত্রে সরকার জনগণের হক আদায় করতে পারছে না: পরওয়ার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে শিশু রামিসা আক্তার হত্যা, চাঁদাবাজি এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সরকারের কঠোর সমালোচনা করেছেন মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২০ মে) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর দক্ষিণ ফটকে আয়োজিত সমাবেশে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হচ্ছে।

গোলাম পরওয়ারের ভাষায়, সমাজ পুরোপুরি অপরাধমুক্ত না হলেও শিশু হত্যার মতো নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, দিনের আলোতে একটি শিশুর গলায় ছুরি চালিয়ে হত্যার ঘটনা “আইয়ামে জাহেলিয়াকেও হার মানিয়েছে।”

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, রামিসার পরিবারের প্রতি সরকারের সহমর্মিতা যথেষ্ট দৃশ্যমান নয়। তিনি প্রশ্ন রাখেন, “রামিসার বাবা যখন বলছেন বিচার হবে না, তখন স্বরাষ্ট্রমন্ত্রী কি তাদের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করতে পারেন না?”

সমাবেশে জামায়াতের এই নেতা অভিযোগ করেন, কোনো ঘটনা ঘটলেই সরকার বিরোধী দলগুলোর ওপর দায় চাপানোর চেষ্টা করে। তার দাবি, বাংলাদেশ জামায়াতে ইসলামী “মবের রাজনীতি করে না” এবং মিরপুরে মাজার ভাঙচুরের ঘটনায় ইসলামপন্থি দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক বলয়ের প্রভাবশালী ব্যক্তিরা অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে। একই সঙ্গে বিএনপির কিছু নেতার বিরুদ্ধেও ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগ তোলেন তিনি।

রামিসা হত্যাকাণ্ডে শুধু আসামি গ্রেফতার করেই দায়িত্ব শেষ না করে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান গোলাম পরওয়ার। তার ভাষায়, এমন বিচার নিশ্চিত করতে হবে যাতে প্রতিটি শিশুর অভিভাবক ন্যায়বিচারের প্রতি আস্থা ফিরে পান।

সমাবেশে দেশে হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনাও তুলে ধরে সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনার সমালোচনা করা হয়।

ধর্ষণ ও হত্যার মতো অপরাধে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়ে গোলাম পরওয়ার বলেন, প্রয়োজনে ফৌজদারি দণ্ডবিধি সংশোধন করে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের ব্যবস্থাও বিবেচনা করা যেতে পারে, যাতে সমাজে অপরাধের বিরুদ্ধে ভয় তৈরি হয়।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | Globe kalprakash.com

আইনশৃঙ্খলার ক্ষেত্রে সরকার জনগণের হক আদায় করতে পারছে না: পরওয়ার

বিস্তারিত কমেন্টে