র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আগের কাঠামো ও কার্যক্রমে থাকছে না বলে জানিয়েছেন সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও নীতিগত সিদ্ধান্ত তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, র্যাবের কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাহিনীটির নামও পরিবর্তন করা হতে পারে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার র্যাবকে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না। তবে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষায়িত এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে বলেই নতুন আইনি কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সংবাদ সম্মেলনে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি। জানান, বিদ্যমান মহাপরিকল্পনাটি মূলত বন্যা নিয়ন্ত্রণ ও নদীভাঙন প্রতিরোধকেন্দ্রিক ছিল, সেখানে পানি সংরক্ষণের কার্যকর পরিকল্পনা ছিল না।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখন তিস্তা মহাপরিকল্পনায় পানি সংরক্ষণের বিষয়টিও যুক্ত করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা। প্রয়োজনীয় সংশোধনের পর প্রকল্পটি চূড়ান্ত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।