প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দলটির নেতাদের এ বৈঠক শুরু হয়।
প্রতিনিধিদলে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের অংশ হিসেবে এনসিপির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারপ্রধানের ধারাবাহিক সংলাপ শুরু হলো।
দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ সংগঠনগুলোর ধারাবাহিক সহিংসতার বিষয়ে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে এ সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে। গত বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠকের পর এ উদ্যোগ নেওয়া হয়।
এর অংশ হিসেবে পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।