দীর্ঘদিন সামাজিক মাধ্যমে নিষ্ক্রিয় থাকার পর আবারও সক্রিয় হয়েছেন ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেল। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে পরিচিত এই অভিনেতার নতুন পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল।
সম্প্রতি ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সেট থেকে একটি ছবি প্রকাশ করেন পাভেল। ছবিতে তাঁকে কালো রঙের একটি ম্যানিকুইনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র পাশা ভাইয়ের কক্ষের সঙ্গে ম্যানিকুইনটির পরিচিতি থাকায় ছবিটি দর্শকদের নজর কেড়েছে।
ছবিতে ম্যানিকুইনটির গায়ে নীল কাপড়, মুখে জোকারের মুখোশ এবং পরনে ব্যাঙের ছাপযুক্ত পোশাক দেখা যায়। ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে পাভেল লেখেন, ‘যাদেরকে বন্ধু-বান্ধব ভাবছিলি এরাই আসল ম্যাঙ্গো মাদার কুইন সন।’
তবে ক্যাপশনের মাধ্যমে কাকে বা কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি অভিনেতা। ফলে তাঁর নতুন পোস্টটি নিয়ে সামাজিক মাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে।
এর আগে সামাজিক মাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর বেশ কিছুদিন আড়ালে ছিলেন পাভেল। ঘটনার এক মাসেরও বেশি সময় পর তাঁর নতুন পোস্ট সামনে আসায় আবারও আলোচনায় এসেছেন তিনি।
ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান পাভেল। প্রতিযোগিতাটিতে দ্বিতীয় রানারআপ হওয়ার পর দেশে ফিরে স্টেজ শো ও অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরির চেষ্টা করেন তিনি।
নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু হয় তাঁর। তবে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয়ের সুযোগ পাওয়ার পর ক্যারিয়ারে বড় পরিচিতি পান পাভেল।
ধারাবাহিকটিতে ‘জাকির হোসেন নেইমার’ ওরফে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। হাস্যরসাত্মক সংলাপ ও অভিনয়ের নিজস্ব ধরন তাঁকে ছোটপর্দার পরিচিত মুখ করে তোলে।
দীর্ঘ বিরতির পর সামাজিক মাধ্যমে তাঁর ফিরে আসা এবং নতুন ছবি প্রকাশকে ঘিরে ভক্তদের আগ্রহ তৈরি হয়েছে। তবে সাম্প্রতিক বিতর্কের বিষয়ে কিংবা নতুন পোস্টের উদ্দেশ্য নিয়ে পাভেলের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।