নীলফামালীর কিশোরগঞ্জে যাত্রীবেশে ইজিবাইকে উঠে চালককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর। এর আগে শুক্রবার রাতে উপজেলার মাগুড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিঙ্গেরগাড়ী পাঠানপাড়া এলাকার মৃত পেলকা মামুদের ছেলে বাদল মিয়া (১৪) এবং একই এলাকার আশোয়ার খানের ছেলে শাকিল খান (১৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র যাত্রীবেশে ইজিবাইকে উঠে চালককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাই করে আসছিল। কিছুদিন আগে একটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা তদন্ত করতে গিয়ে এ দুজনের সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। পরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মাগুড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর বলেন, তারা যাত্রীবেশে ইজিবাইকে উঠে চেতনানাশক ব্যবহার করে ইজিবাইক ছিনিয়ে নিতেন। শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
kalprakash.com/IM