স্মার্টফোন এখন আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। যোগাযোগ রক্ষা থেকে শুরু করে ব্যাংকিং লেনদেন, ছবি সংরক্ষণ, অফিসের জরুরি নথি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, সবকিছুই থাকে এই ছোট ডিভাইসের ভেতরে। ফলে হঠাৎ ফোন হারিয়ে গেলে বা চুরি হলে কেবল আর্থিক ক্ষতি হয় না, বড় ধরনের নিরাপত্তা ও মানসিক সংকটও তৈরি হয়।
ফোন হারানোর পর তাৎক্ষণিক ও সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নিলে বিপদমুক্ত থাকা সম্ভব।
সিম কার্ড ব্লক করুন
ফোন হারানোর সঙ্গে সঙ্গেই মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে কল করে সিম কার্ড সাময়িকভাবে ব্লক বা নিষ্ক্রিয় করে দিন। এতে অপরাধীরা আপনার সিম ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ-নগদ বা সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ওয়ান-টাইম পাসওয়ার্ড বা কোডের অপব্যবহার করতে পারবে না।
ডিভাইস খোঁজার সুবিধা ব্যবহার করুন
অন্য কোনো ফোন বা কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগলের ‘ডিভাইস খুঁজুন’ এবং আইফোনের জন্য অ্যাপলের ‘ফাইন্ড মাই’ (আমার ডিভাইস খুঁজুন) পোর্টাল ব্যবহার করুন। এর মাধ্যমে ফোনের বর্তমান অবস্থান দেখা, দূর থেকে উচ্চ শব্দে রিং বাজানো কিংবা ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে ‘ডিভাইস সুরক্ষিত করুন’ অথবা ‘সব ডেটা মুছে দিন’ অপশন বেছে নেওয়া যাবে।
অন্য ডিভাইস থেকে অ্যাক্সেস বন্ধ করুন
জিমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ব্যাংক অ্যাকাউন্টে অন্য কোনো ল্যাপটপ বা ডিভাইস থেকে সাইন-ইন করে অবিলম্বে পাসওয়ার্ড পরিবর্তন করুন। একই সঙ্গে হারিয়ে যাওয়া ফোনটি পরিচিত ডিভাইসের তালিকা থেকে সরিয়ে দিন।
আইনি সুরক্ষায় জিডি করুন
ফোন উদ্ধারের সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতে ফোনটি দিয়ে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলে নিজেকে আইনি সুরক্ষায় রাখতে নিকটস্থ থানায় দ্রুত একটি সাধারণ ডায়েরি (জিডি) করুন। জিডিতে অবশ্যই ফোনের আইএমইআই (IMEI) নম্বর উল্লেখ করবেন।
ভবিষ্যতের জন্য সতর্কতা
স্মার্টফোনের নিরাপত্তায় জন্মতারিখ বা সহজ পিনের বদলে শক্তিশালী পাসওয়ার্ড ও বায়োমেট্রিক লক ব্যবহার করুন। তথ্য হারানোর ঝুঁকি এড়াতে গুগল অ্যাকাউন্ট বা আইক্লাউডে নিয়মিত ব্যাকআপ রাখুন। ফোন হারিয়ে গেলে যোগাযোগের জন্য লক স্ক্রিনে বিকল্প নম্বর সেট করুন এবং জরুরি মুহূর্তে সহায়তার জন্য আইএমইআই নম্বর ডায়েরিতে লিখে রাখুন। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ব্যাংকিং অ্যাপে বাড়তি গোপনীয়তার জন্য আলাদা অ্যাপ লক বা বায়োমেট্রিক সুরক্ষা ব্যবহার করুন।
সতর্কতা এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপই ফোন হারানোর মতো অপ্রীতিকর পরিস্থিতিতেও আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।
kalprakash.com/IM