ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ২১ জানুয়ারি। সোমবার (১২ অক্টোবর) কমিশন সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
এর আগে সকাল সাড়ে ১০টা থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে কমিশন সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে ইসি সানাউল্লাহ জানান, ইউপি নির্বাচনে পাঁচ ধাপে ভোটগ্রহণ করা হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে ও পঞ্চম ধাপ ২৭ মে।
এর আগে ইসি সূত্র জানায়, সভার এজেন্ডায় স্থানীয় সরকার নির্বাচন ও ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ এবং পারসোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, কার্ড ছাপানো, বকেয়া বিল পরিশোধ ও নতুন চুক্তি নিয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন ও বিবিধ বিষয় রাখা হয়েছে।
kalprakash.com/IM